
লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লালমাই উপজেলায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে দাড়ি-পাল্লা প্রতীকের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বাগমারা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সোমবার বিকেলে বাগমারা বাজারে এ গণমিছিলের আয়োজন করা হয়।
গণমিছিলে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা অংশ নেন। মিছিলটি বাগমারা বাজারের কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আসন্ন নির্বাচনে দাড়ি-পাল্লা প্রতীকের পক্ষে জনমত গঠনের আহ্বান জানান।
সমাবেশে লালমাই উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি বলেন, এলাকার উন্নয়ন, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দাড়ি-পাল্লা প্রতীকের কোনো বিকল্প নেই। তিনি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত বিজয় নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
গণমিছিলে স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তৎপরতাও দেখা গেছে।
উল্লেখ্য, লালমাই উপজেলায় নির্বাচনী প্রচারণা দিন দিন গতি পাচ্ছে। বিভিন্ন প্রতীক ও প্রার্থীর পক্ষে প্রতিদিনই সভা-সমাবেশ, গণমিছিল ও গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।