
মঙ্গলবার (১১ নভেম্বর) কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের বাংলা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেন লালমাই উপজেলা নির্বাহী (ইউএনও) অফিসার হিমাদ্রী খীসা।
এসময় উপস্থিত ছিলেন বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন গাজী এবং লালমাই থানা পুলিশ।
মোবাইল কোর্টে সরকারি রাস্তায় ভবন নির্মাণের অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী মঈন উদ্দীন (৩৩) নামের এক ব্যক্তিকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, মূল্যতালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩ জন মুদি ব্যবসায়ীকে মোট ৩,০০০ টাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশনের অপরাধে ৩ জন হোটেল ব্যবসায়ীকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়। মোট ৭টি মামলায় ১৬,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।