
খান মোহাম্মদ রুবেল হোসেন:
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে-বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূইয়া নানান নাটকীয়তার পর দলীয় প্রতীক পেলেন। এ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূইয়া।
রোববার (২৫ জানুয়ারি) হাইকোর্ট মোবাশ্বের আলম ভূইয়ার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।
হাইকোর্টের আদর্শে সোমবার (২৬ জানুয়ারি) কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়, কুমিল্লা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কার্যালয় থেকে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি ৯(১) এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ২০(১) (ক) অনুচ্ছেদ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৮ কুমিল্লা- ১০ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী জনাব মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়া কে দলীয় প্রতীক ধানের শীষ” বরাদ্দ দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩ নভেম্বর সারাদেশে ২৩৭টি আসনে প্রাথমিক মনোনয়ন দেয় বিএনপি। কুমিল্লা ১০ আসনে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূইয়া মনোনয়ন পান বিএনপির। আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন মোবাশ্বের আলম ভূইয়া। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কেনেন মোবাশ্বের। গত ৪ জানুয়ারি মনোনয়ন বাছাইয়ের দিনে রিটার্নিং কর্মকর্তা বিএনপির মনোনীত গফুর ভূইয়ার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।অপরদিকে বিএনপির দলীয় প্রার্থী উল্লেখ করে হলফনামা জমা দেওয়া এবং দলের মনোনয়নের চিঠি হলফনামার সঙ্গে না জমা দেওয়ায় মোবাশ্বের আলম ভূইয়ার মনোনয়নটি বাতিল করা হয়।
মনোনয়নপ্রাপ্ত গফুর ভূইয়ার মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিল করেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি। দ্বৈত নাগরিকত্বের কথা হলফনামায় গোপন করার অভিযোগে আপিলটি করা হয়। সেই পরিপ্রেক্ষিতে ১৮ জানুয়ারি এ নিয়ে শুনানির পর আবদুল গফুর ভূইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি। প্রার্থিতা ফিরে পেতে ইসির সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেন গফুর ভূইয়া।